নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ
সিলেটের গোলাপগঞ্জে দিনের আলোতে এক ভয়াবহ ও দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১১ মে) বিকেল আনুমানিক ৩টার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার দাঁড়িপাতন নামক স্থানে ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তার কাছ থেকে ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনার বিবরণ:
স্থানীয় সূত্রে জানা যায়, রাজাগঞ্জ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র গোলাপগঞ্জ শাখা থেকে ২০ লাখ টাকা উত্তোলন করেন ব্যাংক কর্মকর্তা সাফওয়ান আহমদ। টাকাগুলো একটি ব্যাগে নিয়ে তিনি এবং তার প্রতিনিধি মোহাম্মদ আলী একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে রাজাগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।
পথিমধ্যে দাঁড়িপাতন এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা একদল সশস্ত্র ছিনতাইকারী তাদের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভীতি সৃষ্টি করে এবং সাফওয়ান আহমদের হাতে থাকা টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পুলিশি তৎপরতা:
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ছিনতাইয়ের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান শুরু হয়েছে"।
প্রিন্ট করুন ফটো কার্ড